খেলাধুলা ডেস্ক: আজ পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের। বিশ্বকাপের প্রায় একমাস সারা বিশ্বের দর্শকের নজর থাকবে টেলিভিশনের দিকে।
১৪ জুন থেকে শুরু হয়ে রাশিয়া বিশ্বকাপ চলবে ১৫ জুলাই পর্যন্ত। ৩২ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপের ম্যাচগুলো মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
ফিফার কাছ থেকে মুল সম্প্রচার স্বত্ব কিনেছে সনি। তাদের কাছ থেকে দুবাই ভিত্তিক এলএসডি মিডিয়ার হাত বদল হয়ে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনেছে স্কয়ার গ্রুপের মিডিয়া কম, কে স্পোর্টস, জিরো মিডিয়া ও জাদু মিডিয়া লিমিটেড। এই চার কোম্পানির কনসোর্টিয়ামে বিশ্বকাপ ফুটবল বাংলাদেশে দেখাবে মাছরাঙ্গা, নাগরিক টিভি ও বাংলাদেশ টেলিভিশন।
বিশ্বকাপের ৬৪ ম্যাচের মধ্যে এ তিনটি টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনালসহ ৫৬ টি ম্যাচ। গ্রুপ পর্বের ৮টি ধারণকৃত ম্যাচ পরে দেখাবে টিভিগুলো। একইসঙ্গে হওয়ার কারণে ওই ৮ ম্যাচ সরাসরি দেখানো সম্ভব হবে না।















