দেশের বিশেষ পুলিশ র্যাব গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে। বুধবার ঢাকায় এক সমাবেশ থেকে সাদা পোশাকে র্যাবের একদল সরকারকে মাইক্রোবাসে তুলে নেয়।
তবে তাকে কেন আটক করা হয়েছে তার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন তথ্য জানা যায়নি। খবর বিবিসির। গণজাগরণ মঞ্চ মাদকবিরোধী অভিযানের সময় ঘটা বিনা বিচারে মানুষ হত্যা’র প্রতিবাদে বিকেলে শাহবাগ এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল।
ইমরান এইচ সরকার সমাবেশস্থলে আসার পর একটি মাইক্রোবাস উপস্থিত হয়। এসময় র্যাবের বেশ কয়েকটি গাড়িও সেখানে উপস্থিত হয়। এরপর সাদা পোশাক পর র্যাব সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে মি. সরকারকে হাত ধরে টেনে মাইক্রোবাসে তুলে নেন।
এসময় গণজাগরণ মঞ্চের কর্মীরা বাধা দিতে গেলে র্যাব সদস্যরা তাদের লাঠিপেটা করে। এতে বেশ ক’জন আহত হন। গণজাগরণ মঞ্চ গত সোমবার বিনা বিচারে মানুষ হত্যা’র প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গেলেও পুলিশ তাদের বাধা দেয়। সে সময় তারা বুধবার এই কর্মসূচি পালনের ঘোষণা করেছিল। এর আগে রবিবার ইমরান এইচ সরকার বলেন, সরকারের আচরণ দেখে মনে হচ্ছে, দেশে একনায়কতান্ত্রিক শাসন চলছে। তাদের কোনও জবাবদিহিতার প্রয়োজন নেই। তাদের ব্যবহারে মনে হচ্ছে যে তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়।
তিনি বলেন, দেশে মতপ্রকাশের কোনও স্বাধীনতা নেই। কথা বলার অধিকার নেই। সরকারের সমালোচনাকারীকে আটক, গুম ও খুন করা হয়। এমনকি ক্রসফায়ারের হুমকি দেয়া হয়। গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধার বিষয়ে সংগঠনটির মুখপাত্র বলেন, দেশে কি জরুরি অবস্থা চলছে? সভা-সমাবেশে এতো বাধা কেন? বন্দুকযুদ্ধের নামে সংবিধানবিরোধী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা কর্মসূচি দিয়েছিলাম। পুলিশকেও অবহিত করা হয়। তবু তারা বাধা দিয়েছে।
তিনি বলেন, আমরা এখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে সভা-সমাবেশ করতে ডিএমপি কমিশনারের অনুমতি লাগে। অথচ আমার জানা মতে, সভা-সমাবেশ করতে চাইলে কারও কোনও অনুমতির প্রয়োজন নেই, পুলিশকে অবহিত করলেই হয়। তিনি আরও বলেন, বন্দুকযুদ্ধের নামে নির্বিচারে মানুষ খুনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আগামী ৬ জুন বুধবার বিকেল ৪টায় আমরা আবারও শাহবাগে দাঁড়াব।
উল্লেখ্য, গত ২৯ মে দিনগত রাত ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার ৩ বারের নির্বাচিত কাউন্সিলর একরামুল হক। নিহতের পরিবার দাবি করে যে তাকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়।
এছাড়া মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও ক্লিপও গণমাধ্যমে প্রকাশ করেন একরামুল হকে স্ত্রী অায়েশা বেগম।















