রিয়াল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন জিদান

778

স্পোর্টস ডেস্ক: টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় নিঃসন্দেহে একজন কোচের জন্য বড় সাফল্য। সান্তিয়াগো বার্নাব্যুতে এই রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরাসি তারকা ও বর্তমান কোচ জিনেদিন জিদান। মাত্র পাঁচদিন আগেই তার দল চ্যাম্পিয়ন হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু এর রেশ কাটতে না কাটতেই পদত্যাগের ঘোষণা দিলেন জিদান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অল হোয়াইটদের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি।

এদিন হঠাৎ করেই সংবাদ সম্মেলন ডাকেন জিদান। সবাই চমকের অপেক্ষায় মুখিয়ে থাকলেও উল্টে সবাইকে হতাশ করে দিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। ক্লাব কর্তৃপক্ষের বরাত দিয়ে এমন খবর জানিয়েছেন ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোলডটকম।

আপাতত লা লিগায় তৃতীয় অবস্থানে অবনমনকেই জিদানের পদত্যাগের মূল কারণ বলে মনে করা হচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৭ পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুম শেষ করে জিদানের দল।

জিদান জানান, বুধবার আমি এই বিষয়ে ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। আমি জানি এটা সবার জন্যই আশ্চর্যজনক। কিন্তু এটা সঠিক সিদ্ধান্ত।

বিশ্বকাপজয়ী এই সাবেক তারকা বলেন, দলের জয় প্রয়োজন কিন্তু আমার মনে হয় তিন বছর পরে পরিবর্তন প্রয়োজন।

সংবাদ সম্মেলনে ক্লাবের সব খেলোয়াড়, প্রেসিডেন্ট এবং সবার প্রতি ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তবে জিদান নিশ্চিত করেছেন যে, নিজের সিদ্ধান্তেই পদত্যাগ করেছেন তিনি। ক্লাব কর্তৃপক্ষ তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেনি।