সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান এরশাদের

514

ঢাকা সংবাদদাতা: রাজনৈতিক দলগুলোকে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, দেশে উন্নয়নের মহাৎসবের নামে দুর্নীতির জোয়ার চলছে। সন্ত্রাস ও মাদকের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশ। এর থেকে পরিত্রাণের জন্য প্রয়োজন সরকার পরিবর্তন। এ সরকার পরিবর্তনের জন্য সকল রাজনৈতিক দল, বিশেষ করে ইসলিমীদলগুলোকে সরকার বিরোধী আন্দোলনে নামতে হবে।

বুধবার রাজধানীর একটি হোটেলে সম্মেলিত জাতীয় জোটের অন্যতম প্রধান শরীক বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, একটি জাতিকে ধ্বংস করতে শিক্ষা ব্যবস্থা ও যুব সমাজকে ধ্বংস করলেই যথেষ্ট। জিপিএ ৫ প্রাপ্ত ছেলেরা জিপিএ ফাইভের অর্থ বলতে পারে না। শিক্ষা ব্যবস্থা সংস্কার করার কথা একাধিকবার বলেছি, সরকার কর্ণপাত করেনি। বলছিলাম সংসদে মাদক সম্রাট রয়েছে, কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। ঘরে আজ ইয়াবা। যুব সমাজ আজ ধ্বংসের পথে।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, সৌদিতে নারী শ্রমিক পাঠানো হচ্ছে। তারা সেখানে গিয়ে ভয়ানক নির্যাতনের শিকার হচ্ছে। সেখানে পাঠানো দরকার প্রশিক্ষিত কর্মী।