ঢাকা সংবাদদাতা: পাঞ্জাবী-টুপি পরে অফিসে যাওয়ার অপরাধে চাকরিচ্যুত হয়েছেন বাগেরহাটের বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি সরদার আল মারজান।
গেলে ২৩ মে দুপুরে মারজানকে গালমন্দ করে চাকরি থেকে অব্যাহতি দেন বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আঃ রায়হান উদ্দিন।
এ ঘটনায় মঙ্গলবার মানহানি ও আর্থিক ক্ষতিপূরণ দাবি করে বাংলালিংকের জোনাল ম্যানেজার মোঃ আঃ রায়হান উদ্দিনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ক্ষতিগ্রস্ত আল মারজান। মারজানের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠায় বাগেরহাট জজকোর্টের আইনজীবী জগৎ জীবন বসু।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সরদার আল মারজান ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে এ বছর ২৩ মে পর্যন্ত বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে বাংলালিংক কাস্টোমার কেয়ার প্রতিনিধি হিসেবে চাকরি করে আসছেন। রমজান মাস শুরু হলে ২৩ মে তিনি পাঞ্জাবী-টুপি পরে করে অফিসে যান। অফিসের নিয়মিত কাজ হিসেবে নিজের ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে সু-প্রভাত জানান। হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঞ্জাবী-টুপি পড়া ছবি দেখে বাংলালিংকের জোনাল ম্যানেজার মো. আঃ রায়হান উদ্দিন মুঠোফোনে মারজানকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। কোনো প্রকার মৌখিক বা লিখিত সতর্ক বার্তা না দিয়ে পাঞ্জাবী-টুপি পড়ার অপরাধে ওইদিনই মারজানকে চাকরিচ্যুত করেন জোনাল ম্যানেজার।
এ ধরণের গালিগালাজ ও চাকুরীচ্যুত করায় মারজান সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে মঙ্গলবার রাতে মুঠোফোনে জানতে চাইলে বাংলালিংকের জোনাল ম্যানেজার মোঃ আঃ রায়হান উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, সে সরাসরি আমাদের কর্মী ছিল না। একটি তৃতীয় পক্ষের মাধ্যমে ওই পদে সে নিয়োগপ্রাপ্ত। তাকে চাকরি দেয়া বা চাকরিচুৎ করার ক্ষমতা আমার নেই।















