আমি বলার কে: পরিকল্পনামন্ত্রী

1018

ঢাকা সংবাদদাতা: মাশরাফি বিন মর্তুজা নির্বাচনে দাঁড়াতে যাচ্ছেন। তার সঙ্গে থাকতে পারেন সাকিব আল হাসানও। মঙ্গলবার দিনভর এমন আলোচনায় সরব ছিলো দেশ। এই আলোচনার শুরু হয় পরিকল্পনমন্ত্রী আ হ ম মোস্তাফা কামালের এক মন্তব্য ধরে। যদিও দিন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন মাশরাফি-সাকিব নির্বাচন করবেন কিনা, তা তিনি জানেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি-সাকিবের রাজনীতি করা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখনই দেশের একটি গণমাধ্যম পরিকল্পনামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে। তাদের মোস্তফা কামাল বলেন, ‘তারা নির্বাচন করবে কিনা তা আমি জানি না। দলের কাছ থেকে নিশ্চিত হয়ে আমি কিছু বলিনি। লোকমুখে শুনেছি যে মাশরাফি নির্বাচন করতে পারে। সেটা শুনে মাশরাফির একজন ভক্ত হিসেবে বলেছি যে, মাশরাফি নির্বাচন করতে পারে।’

কিন্তু মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মোস্তফা কামাল মাশরাফি-সাকিবকে সমর্থন দেয়ার অনুরোধ জানান। এরপরই মূলত এ বিষয়ক আলোচনা তুঙ্গে ওঠে।

এ প্রসঙ্গে মোস্তফা কামাল বলেন, ‘মূল ব্যাপার হলো আজ একনেকে মাগুরার একটি প্রজেক্ট চূড়ান্ত করা হয়। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাশরাফি-সাকিবের কথা ওঠে। সাংবাদিকরাই বলেন যে, মাশরাফি-সাকিব নির্বাচন করবে। আমি তখন বলি, ওরা যদি নির্বাচন করে তাহলে আমি অনুরোধ করবো, আপনারা তাকে সমর্থন দিবেন।’

মোস্তফা কামাল আরো বলেন, ‘মাশরাফি-সাকিব নির্বাচন করবে কিনা, এটা আমি বলার কে? মাশরাফি নির্বাচন করবে কি না আসলেই এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তাদের মতামত ছাড়া আমি কিভাবে বলি যে, তারা নির্বাচন করবে। আমি তো বলার কেউ না।’