ঢাকা সংবাদদাতা: পাবনা সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।
পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার ইফতারের আগে উপজেলার চরঘোষপুরে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৪০) চরঘোষপুর গ্রামের আজহার আলীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুল হক বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিএনপির তারেক ডাক্তারের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের আতিয়ার বিশ্বাসের সমর্থকদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও কোন্দল চলছিল। এরই জের ধরে গতকাল ইফতারের আগে দুপক্ষ সংঘর্ষে জড়ায়।’
‘এ সময় রফিকুল, নজু, রত্নাসহ ২০ জন গুলিবিদ্ধ হন। নজুসহ পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া রত্না (২০) নামে এক নারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে’, যোগ করেন ওসি।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর রাত সাড়ে ৮টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, বিএনপির নেতা তারেক ডাক্তার এবং আতিয়ার বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিবাদ দীর্ঘদিন ধরে চলছে। এর আগে তাদের মধ্যে কয়েকবার মারামারি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বেগুন গাছ রোপন নিয়ে দুই পক্ষ গোলাগুলিতে লিপ্ত হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।















