হবিগঞ্জের আ.লীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

772

সিলেট সংবাদদাতা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গজানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ মিয়াসহ (৬৬) তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে ৫টি অভিযোগ দাখিল করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে এসব অভিযোগ আমলে নেয়া হবে কিনা এ বিষয়ে শুনানির জন্য আগামী ৪ জুন নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।

মামলার অন্য দুই আসামি হলেন- মো. জামাল উদ্দিন আহম্মদ ওরফে মো. জামাল উদ্দিন (৬৫) ও শেখ গিয়াস উদ্দীন আহমদ (৭০)। আসামিদের মধ্যে গোলাপ মিয়া ও জামাল উদ্দিন কারাগারে আছেন। অপর আসামি শেখ গিয়াস উদ্দীন আহমদ পলাতক রয়েছেন।

গত ৮ মার্চ আবুল খায়ের গোলাপ মিয়াসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায় গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির‌্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের মত মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৭ জনকে হত্যা, ৬ নারীকে ধর্ষণ, ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ ও ৩০ জনকে অপহরণ-নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।