ঢাকা সংবাদদাতা: পদ্মা সেতুর চতুর্থ স্প্যানটি বসানোর কাজ শেষ হয়েছে। রোববার সকাল পৌনে ৭টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানো হয়। ১৫০ মিটার দীর্ঘ এই স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হলো।
রোববার সকালে পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি) মীর ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (১২ মে) মুন্সীগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ১৪০ টন ওজনের একটি ভাসমান ক্রেন দিয়ে মাওয়া থেকে জাজিরা প্রান্তে আনা হয় চতুর্থ স্প্যানটি। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই তৈরি হবে স্বপ্নের পদ্মা সেতু।
পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী আহমেদ আহসান উল্লাহ মজুমদার জানার, রোববার ভোরে ভাসমান ক্রেনটি পিলারের কাছে নেয়া হয়। সকালে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপরে স্প্যানটি তোলার কাজ শুরু হয়। সকাল পৌনে ৭টায় দিকে স্প্যানটি পুরোপুরি স্থাপন করা হয়।
এই প্রকৌশলী আরও জানান, পাঁচ নম্বর স্প্যানের কাজও এগিয়ে চলছে। এখন চলছে রংয়ের কাজ।সম্পূর্ণ কাজ শেষ হলে এটিকে জাজিরা প্রান্তে ৪১ ও ৪২ নম্বর পিলারে বসানো হবে।
প্রসঙ্গত, প্রায় ২৮ হাজার ৭৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।















