ওয়ানবাংলানিউজ: শিশুদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বাস এবং টিউবে জাঙ্কফুডের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছেন লন্ডনের সিটি মেয়র সাদিক খান। বাস ও টিউবের জাঙ্কফুডের বিজ্ঞাপনগুলোতে যে ধরণের খাবার ও পানীয়র প্রচার হয় তাতে মূলত থাকে অধিক পরিমাণ লবণ, ফ্যাট ও চিনির মিশ্রণ। যা শিশুদের স্বাস্থ্যে প্রভাব ফেলে থাকে ভয়াবহ। চিনি সমৃদ্ধ কোকাকোলার প্রচার নিষিদ্ধ করা হলেও ডায়েট কোকের বিজ্ঞাপন যথারীতি চলছে।
এদিকে থেরেসা মে’র সরকার, মেয়র খানের এরকম উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে। শিশুদের খাবারের প্রতি তার সচেতনতামূলক এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে তারা।
এ প্রসঙ্গে সাদিক খান মেয়র বলেন, ‘জাঙ্কফুড হচ্ছে স্বাস্থ্যের জন্য নির্ঘাত বোমা।’ লন্ডনের ১০-১১ বছরের শতকরা ৪০ ভাগ শিশুদের উপর গুরুতরভাবে এটি প্রভাব ফেলে। তিনি আরও বলেন, এখনি যদি এর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি না করা যায় আজকের শিশুর স্বাস্থ্য ভবিষ্যতে থাকবে হুমকির মুখে’।















