ঢাকা সংবাদদাতা: রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন।
শুক্রবার বেলা ২টার দিকে মিরপুর বেড়িবাঁধের চটবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের দুইজন পুরুষ ও একজন শিশু।
নিহত তিনজনের মধ্যে ইয়াসিন শুভ (২৩) নামে একজনের পরিচয় মিলেছে। সে মানারাত ইউনিভার্সিটির ট্রিপল-ই ৮ম সেমিস্টারের ছাত্র।
শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, দুপুরে চটবাড়ি এলাকায় কোনাবাড়ি পরিবহনের একটি বাস লেগুনাকে চাপা দেয়। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন লেগুনার আরও সাত যাত্রী।
এদিকে আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে তিনজন এবং সোহরাওয়ার্দী মেডিকেলে দুইজন চিকিৎসাধীন রয়েছেন।















