ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহে বাস ও অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিল।
শুক্রবার (১১ মে) বিকেল ৩ টা ১৫ মিনিটে তারাকান্দা উপজেলার কাকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে দুর্ঘটনায় আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্রে জানা যায়, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা একটি গাড়ি ঢাকার দিকে যাওয়ার সময় ফুলপুরগামী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ ৫ জন নিহত ও একজন আহত হয়।
এদিকে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।















