বিনোদন ডেস্ক: বলিউডে যেন বিয়ের মৌসুম চলছে। অনিল কাপুর কন্যা সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ে নিয়ে সরগরম বলিউড। অথচ এরই মধ্যে চুপিচুপি বিয়ে করলেন নেহা ধুপিয়া। কনে সেজে, বরের গলায় মালা দিয়ে গৃহবধূ-ক্লাবে ঢুকে পড়লেন বলিউডের এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের খবর, দীর্ঘদিনের বন্ধু অঙ্গদ বেদির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন নেহা। সেই বিয়ের খবর সোশ্যাল সাইটে প্রথম প্রকাশ করেন পরিচালক করণ জহর।
টুইটার সেই ছবি শেয়ার করেন করণ। বলিউডের জনপ্রিয় পরিচালকের টুইটের পরই, বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন নেহা নিজেও।
ছবির ক্যাপশনে নেহা লেখেন, এটা তার জীবনের সেরা সিদ্ধান্ত। দীর্ঘদিনের বন্ধুকেই বিয়ে করলেন তিনি।
এখন একটি জনপ্রিয় টক শো’র পরিচালনায় আছেন নেহা ধুপিয়া। এছাড়াও একটি রিয়েলিটি শো-এর কাজ করছেন তিনি।
২০০২ সালে নেহা ‘মিস ইন্ডিয়া’ সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হলে বলিউড থেকে ডাক পান তিনি। ‘কায়ামাত- সিটি আন্ডার থ্রেট’ (২০০৩) চলচ্চিত্রে তিনি কাজ করার সুযোগ পান।
তার অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘কিয়া কুল হে হাম’, ‘শুটআউট এ্যাট লোখান্ডওয়ালা’, ‘দাছ কাহানিয়া’, ‘জুলি’, ‘সীসা’সহ বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি।












