নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নাই: তোফায়েল

633

ঢাকা সংবাদদাতা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সার্চ কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এই নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বুধবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)‘র সেমিনার হলে হাসুমণি‘র পাঠশালা আয়োজিত “তারুণ্য সম্পদ, তারুণ্যই ভবিষ্যৎ: প্রয়োজন আদর্শিক নেতৃত্ব” শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান আতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, এ নির্বাচন কমিশনে বিএনপি‘র প্রস্তাবিত ব্যক্তিও আছেন। নির্বাচন কমিশন স্বাধীন। সংবিধান মোতাবেক যথাসময়ে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন অনুষ্ঠান করবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে কোনো লাভ নেই। এ দেশে আর কোন দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না।

১৭ মে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এদিন তিনি (শেখ হাসিনা) স্বজন হারানোর বেদনা নিয়ে চোখের জল ফেলে দেশে ফিরেছেন। সেদিন আমরা শ্লোগান দিয়েছিলাম- ঝড়-বৃষ্টি আধাঁর রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে। এদিন আমাদের জন্য ঐতিহাসিক।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ-এর হাল ধরে নিজের জীবন বাঙালী জাতির জন্য উৎস্বর্গ করেছিলেন। আজ তারই নেতৃত্বে বাংলাদেশ সব সেক্টরে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে এসেছে। জাতিসংঘসহ উন্নত বিশ্ব বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে।

ডাকসুসহ সকল হল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করেন এক সময়ের তুখোড় এই ছাত্রনেতা। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই নতুন নেতৃত্ব উঠে আসবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে নতুন নেতৃত্বকে এগিয়ে যেতে হবে। এটাই জাতি প্রত্যাশা করে।

হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি‘র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক,এমপি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, অতিরিক্ত পুলিশ মহা-পরিদর্শক মোখলেছুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন প্রমুখ।