ঢাকা সংবাদদাতা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
সোমবার সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে আবেদনটি করেন ওই প্রার্থী। অপর দিকে আওয়ামী লীগের মেয়র প্রাথী জাহাঙ্গীর আলমও আবেদন করবেন বলে জানিয়েছেন।
এর আগে সোমবার দুপুরে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার জন্য বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুমতি নেন।
পরে তিনি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই আবেদন জমা দিলেও কপি আদালতে না আসায় সোমবার বিকাল পর্যন্ত চেম্বার আদালতে শুনানি হয়নি বলে তার আইনজীবী সানজিত সিদ্দিকী জানান।
অন্যদিকে হাইকোর্টর স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করতে সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে আসেন নৌকার প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমও।
প্রসঙ্গত, সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা এ বি এম আজহারুল ইসলাম সুরুজের করা এক রিট আবেদনে হাইকোর্ট গত রোববার গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়।
আগামী ১৫ মে খুলনা সিটি করপোরেশনের সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনেও ভোট হওয়ার কথা ছিল।















