বন্ধুদের ছুরিকাঘাতে এক তরুণ নিহত

614

ঢাকা সংবাদদাতা: মোবাইলে বিক্রির টাকা নিয়ে রাজধানীর ভাটারায় বন্ধুদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম জিহাদ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রিয়াজ (১৯) ও হাসান (১৮) নামে আরো দুইজন। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাটারা থানার এসআই মো. নজরুল।

নিহত জিহাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জামিলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। কালাচাঁদপুর হাই স্কুল থেকে জিহাদ এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো। কিছুদিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ হবে।

এসআই মো. নজরুল বলেন, মোবাইলে বিক্রির টাকা নিয়ে মারামারির ঘটনায় জিহাদকে ছুরিকাঘাত করে কয়েকজন। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত জিহাদের বাবা আলমগীর জানান, অনেকদিন আগে মোবাইলে ব্যবহার করা যায় এমন একটি স্পিকার হৃদয়ের কাছে বিক্রি করে রিয়াজ। বিক্রির পাওনা ২৫০ টাকা আনতে গেলে হৃদয় তাদের ছুরিকাঘাত করে।

তিনি আরও জানান, জিহাদের বন্ধু হৃদয় তাকে ডেকে কুড়িল চৌরাস্তায় নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় রিয়াজ ও হাসান নামে  আরো দুইজন আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, জিহাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।