আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক কর্মসূচি চালানোর অভিযোগ এনেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এক নাটুকে উপস্থাপনায় বেশ কয়েকটি গোপন নথিপত্র প্রকাশ করে নেতানিয়াহু দেখান যে, পারমাণবিক চুক্তি নিয়ে নির্লজ্জভাবে মিথ্যা কথা বলেছে ইরান। সোমবারের ওই উপস্থাপনায় নেতানিয়াহু দাবি করেন, ইরানের ওই গোপন কর্মসূচি সম্পর্কে অকাট্য প্রমাণ রয়েছে তার কাছে। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন(ইইউ), রাশিয়া, জার্মানি, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে ইরান। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ওই চুক্তি বাতিল করার বা পুনরায় মধ্যস্থতা করার চেষ্টা চালাচ্ছেন। ট্রাম্প প্রশাসনের এই চেষ্টার জবাবে বেশ কয়েকবার হুমকি দিয়েছে ইরান। সম্প্রতি এই চেষ্টা আরো জোরদার হয়েছে। এ নিয়ে বৃদ্ধি পেয়েছে উত্তেজনা। এমতাবস্থায় নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক কর্মসূচি চালানোর অভিযোগ এনেছেন।
তিনি বলেন, আপনারা হয়তো জানেন যে, ইরানের নেতারা বারবার পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টার কথা অস্বীকার করেছে। কিন্তু আমি আজ রাতে আপনাদের একটা জিনিস জানাতে এসেছি- ইরান মিথ্যা বলেছিল। নেতানিয়াহু দাবি করেন পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করার পর তাদের পারমাণবিক কর্মসূচি সম্বন্ধীয় নথিপত্রগুলো লুকিয়ে ফেলার চেষ্টা আরো জোরদার করেছে। তিনি ১৮৩টি সিডিতে ৫৫ হাজার পাতা ও আরো ৫৫ হাজার নথিপত্র দেখান। জানান, কয়েক সপ্তাহ আগে, একটি সফল গোয়েন্দা অভিযানে ইসরাইল এইসব নথিপত্র হাতে পেয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, তবে নেতানিয়াহু তার উপস্থাপনায় যা দেখিয়েছেন তাতে বিশ্ব নেতারা খুব একটা অবাক হওয়ার সম্ভাবনা নেই। কেননা, তার উপস্থাপনার সারমর্ম হচ্ছে যে, ইরান পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করার আগে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেছিল। উল্লেখ্য, নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচির শীর্ষ সমালোচকদের একজন। তার ভাষ্য, এই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র-সক্ষম হওয়া থেকে বিরত রাখতে পারবেনা।
এদিকে, নেতানিয়াহুর উপস্থাপনার প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই উপস্থাপনা ও সাম্প্রতিক অন্যান্য ঘটনা এটা প্রমাণ করে যে তিনি এই বিষয়ে ঠিক ছিলেন। অন্যদিকে, সোমবার নেতানিয়াহুর উপস্থাপনার প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। ইরানের রাষ্ট্র পরিচালিত টিভি, নেতানিয়াহুর অভিযোগকে অপপ্রচার বলে বর্ণনা করেছে। টিভিতে বলা হয়েছে, তার (নেতানিয়াহু) মন্তব্য নতুন কিছু ছিলনা। এটা ভিত্তিহীন অভিযোগে ভর্তি। আর ইরানের পারমাণবিক কার্যক্রমের বিরুদ্ধে অপপ্রচার।















