সড়ক দুর্ঘটনার ইডেন কলেজের ছাত্রী নিহত

716

ঢাকা সংবাদদাতা : রাজধানীর শনির আখড়া বাসস্ট্যান্ডে চলন্ত লেগুনা থেকে পড়ে নুসরাত জাহান ঝুমা (১৯) নামের ইডেন কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঝুমা ইডেন মহিলা কলেজের গণিত বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের টিকেট কাউন্টারে বসে নিহতের বড় বোন জেবুন্নেছা বলেন, ‘সকাল ৮টার দিকে ঝুমা বাসা থেকে কলেজের উদ্দেশে বের হয়। দুপুর ১২টার দিকে ঝুমার কোচিং সেন্টার থেকে ফোন দিয়ে আমাকে জানায়, ঝুমা শনির আখড়া বাসস্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট করেছে। পথচারীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেছে।’

সঙ্গে সঙ্গে ওই হাসপাতালে গিয়ে তাঁরা ঝুমাকে চিকিৎসাধীন দেখতে পান। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে জেবুন্নেছা বলেন, ‘লেগুনায় করে বাসায় ফিরছিল ঝুমা। শনির আখড়া বাসস্ট্যান্ডেই সে সব সময় নামে। আজকে সে চলন্ত লেগুনার পেছনের দিকে বসেছিল। লেগুনায় ঝুমাসহ দু-তিনজন যাত্রী ছিল। শনির আখড়া বাসস্ট্যান্ডের কাছে একটি স্পিডব্রেকারের ওপর দিয়ে চালক দ্রুতগতিতে লেগুনা চালাচ্ছিলেন। একপর্যায়ে ঝুমা লেগুনার ঝাঁকুনিতে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।’

এ সময় আর্তনাদ করছিলেন নিহতের বড় বোন জেবুন্নেছা। বলছিলেন, ‘আমি সবাইকে ছেড়ে থাকতে পারব, আমি ঝুমারে ছাড়া থাকতে পারব না। আল্লাহ তুমি কেন ওরে নিয়া গেলা।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য কলেজছাত্রী ঝুমার লাশ মর্গে রাখা হয়েছে।