ঢাকা সংবাদদাতা: মৌসুমী ঝড়ের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার বেলা সোয়া ১১টার থেকে ফ্লাইট বন্ধ করার নির্দেশ দেয় সিভিল অ্যাভিয়েশন। বিষয়টি নিশ্চিত করেন সংস্থার জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।
রেজাউল করিম জানান, ঝড়ের কারণে চারটি ফ্লাইটের উঠানামায় বিঘ্ন ঘটেছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার সব ফ্লাইট চালু হবে। তবে বিমান বন্দরে অন্যান্য কার্যক্রম যথারীতি চলছে।
তিনি বলেন, সকালে ইউএস বাংলা ও রিজেন্ট এয়ারওয়েজের একটি করে ফ্লাইট এবং বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইটের মধ্যে তিনটি ঢাকায় অবতরণের কথা ছিল। বাকি একটি উড্ডয়নের শিডিউলে ছিল। আবহাওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় বাংলাদেশ বিমানের ফ্লাইট দুটি চট্টগ্রামে অবতরণ করানো হয়। এদিকে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট কক্সবাজার থেকে ঢাকায় আসার কথা থাকলেও দ্রুত চট্টগ্রাম অবতরণ করে।
এছাড়া ইউএস বাংলার একটি ফ্লাইট ঢাকা থেকে কলকাতা যাওয়ার কথা থাকলেও তা উড্ডয়নের পরপরই আবার ঢাকায় অবতরণ করে।















