ঢাকা সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা। সোমবার সকাল ১০টার দিকে গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এসময় তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অস্ট্রেলিয়ায় তিন দিনের সফর শেষে সোমবার রাত ১২.৫০ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালেই রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শনে আসা জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক করেন তিনি।
রোববার জাতিসংঘের প্রতিনিধি দলটি উখিয়া ও বান্দরবানের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো মেজা-চুয়াদ্রার নেতৃত্বে রোববার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিনিধি দলটি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষংছড়ির তুমব্রুর কোনারপাড়া জিরো পয়েন্টে পরিদর্শনে যান।
নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তারা উখিয়ার বালুখালী-০২ ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ওই সময় কথা বলেন নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে। এ সময় মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গারা তাদের ওপর চালানো বর্মি সেনাদের নির্যাতনের বর্ণনা দেন।















