গাজীপুর প্রতিনিধি: অবশেষে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে প্রচারণায় নামলেন মনোনয়ন বঞ্চিত ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।
প্রতীক বরাদ্দের দুইদিন পর বৃহস্পতিবার (২৬ এপ্রিল) প্রচারণায় অংশ নিয়ে আজমত উল্লা নৌকার প্রার্থীকে বিজয়ী করার জন্য অনুরোধ করেন নগরবাসীকে। দুই নেতাকে একসঙ্গে প্রচারণার ময়দানে পেয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
এদিন বেলা সাড়ে ৩টায় মহানগরের ৩৮নং ওয়ার্ডের কুনিয়া বড়বাড়ি এলাকার জয়বাংলা সড়ক এলাকা থেকে জাহাঙ্গীর-আজমত প্রচারণা শুরু করেন।
বড়বাড়ি এলাকায় এক পথসভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালাচ্ছি। আমাদের এই বিশাল মিছিলই বলে দেয় আগামী ১৫ মে জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয় সুনিশ্চিত। নৌকা তথা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে জয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আমরা রাজি আছি।















