ঢাকা সংবাদদাতা : বিডি জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম ফাহিম মাশরুরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ফেসবুকে কার্টুন ও স্ট্যাটাস দেয়ায় ৫৭ ধারায় তথ্যপ্রযুক্তি মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার সকালে রাজধানীর কাওরান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে ফাহিম মাশরুরকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে ৬ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে তাকে । ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশন) অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার নাজমুল সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২২ এপ্রিল তার বিরুদ্ধে কাফরুল থানায় এজাহার দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক মো. আল সাদিক।
এজাহারে বলা হয়েছিল, ফাহিম মাশরুরের ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ছবির ব্যঙ্গাত্মক কার্টুন আপলোড ও শেয়ারসহ উস্কানিমূলকভাবে মিথ্যা ও আপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে এবং একই ধরনের কর্মকানণ্ড অব্যাহত রেখেছে।
ওই অভিযোগের প্রেক্ষিতে আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, প্রায় দেড় যুগ আগে বিডিজবস প্রতিষ্ঠা করেন ফাহিম মাসরুর। এটি ছাড়াও তিনি বাংলা সোশ্যাল মিডিয়া বেশতো এবং ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের প্রধান নির্বাহী।
তিনি দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতির দায়িত্বও পালন করেছেন।














