আন্তর্জাতিক ডেস্ক: নিকারাগুয়ায় সরকার বিরোধী বিক্ষোভের খবর টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক সাংবাদিক।
অ্যাঞ্জেল গাহোনা নামে ওই রিপোর্টার সে সময় ক্যারিবিয়ান কোস্টের শহর ব্লুফিল্ডসের এক ব্যাংকে ক্ষয়ক্ষতির অবস্থা নিয়ে ফেসবুকে লাইভ করছিলেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ছেন এবং রক্ত গড়িয়ে পড়ছে চারপাশে। গুলিবিদ্ধ হবার আগ মূহুর্তে তিনি গাহোনা ব্যাংকের একটি ভাঙা ক্যাশ মেশিনের বর্ণনা দিচ্ছিলেন। চারপাশ থেকে সেসময় তার নাম ধরে চিৎকার করে ডাকতে শোনা যায় মানুষকে এবং সাহায্যের জন্য অনেকে এগিয়ে আসেন।
তবে গুলি কোথা থেকে আসে বা কে গুলি করেছে তা এখনো চিহ্নিত করা যায়নি।
পেনশন ব্যবস্থায় পরিবর্তন আনার পর গত বুধবার থেকে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে এ পর্যন্ত ১০ জনের বেশি মানুষ মারা গেছেন। পেনশন সংস্কারের ফলে এখন কর্মী এবং নিয়োগকর্তা উভয়কেই বেশি অর্থ দিতে হবে। কিন্তু সামগ্রিকভাবে পেনশন সুবিধা পাঁচ শতাংশ কমে যাবে।
তবে স্থানীয় একটি মানবাধিকার সংগঠন সহিংসতায় নিহতের সংখ্যা ২৫ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে। এদের মধ্যে ওই সাংবাদিক ছাড়াও দুই বিক্ষোভকারী এবং এক পুলিশ সদস্য রয়েছে। আহত হয়েছেন আরো শতাধিক। এই হতাহতের বেশিরভাগই হয়েছে গত শুক্রবার, রাজধানী মানাগুয়ায়।
প্রেসিডেন্ট ওর্তেগা বিক্ষোভকারীদের আলোচনার প্রস্তাব দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি আগে পুলিশকে সহিংসতা বন্ধ করতে হবে।
বিক্ষোভ চলাকালে সরকারি ভবনে অগ্নিসংযোগ করা হয়। ফলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ ওই নিরাপত্তা বাহিনীর সদস্যরাই এসব সহিংসতা ছড়াচ্ছে। পুলিশি হামলায় দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। পোপ ফ্রান্সিস এক বিবৃতিতে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।
সূত্র: বিবিসি বাংলা















