ঢাকা সংবাদদাতা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে ভয়ঙ্কর ইঙ্গিত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিশিষ্ট চিকিৎসক সমাজ আয়োজিত ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্শত মুক্তির দাবি’ উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
হায়ত মউত আল্লাহ’ হাতে- ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, সরকারকে সাবধান করে দিতে চাই, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। কারণ সরকারের অবহেলার কারণে বেগম জিয়া আরো অসুস্থ হয়ে পড়লে দেশের জনগণ এ অপরাধের জন্য তাদের (সরকার) ক্ষমা করবে না।
তিনি আরো বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। আর যেখানে তার সুচিকিৎসা করানো সম্ভব হয় সেখানে যাতে তার চিকিৎসা করা হয়। আমরা আশা করি, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অনুরোধ রাখবেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. একেএম আজিজুল হক, ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ডা. রফিকুল কবির, ডা. এসএম রফিকুল ইসলাম, ডা. কুদ্দুস প্রমুখ।















