‘ভুল করেছি, আমি ক্ষমা চাচ্ছি’ (ভিডিও)

640

ঢাবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ওই হলে ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশা। এই ক্ষমা চাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ছাত্রী নির্যাতনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ৫৭ সেকেন্ডের এ ভিডিওতে দেখা গেছে, ওই রাতে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের কাছে এশার বিচার দাবিতে করে হল প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারি প্রক্টরদের সামনে বিক্ষোভ করতে থাকে হলের সাধারণ ছাত্রীরা।

ভিডিওতে দেখা যায়, হলের সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এশা বলছে, ‘আমি ভুল করেছি, আমি ক্ষমা চাচ্ছি।’ এসময় ছাত্রী নির্যাতনের ঘটনায় এশার বিচার দাবি করতে দেখা যায় হলের সাধারণ ছাত্রীদের।

এসময় সাধারণ ছাত্রীদের উদ্দেশ্যে সহকারি প্রক্টর লুৎফুর রহমানকে বলতে শোনা গেছে, ‘তোমাদের দাবি অনুযায়ী এশা ক্ষমা চেয়েছে। এবার তোমরা থামো।’

ভিডিওতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ছাত্রীদের বিক্ষোভ বন্ধ করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীকে সাধারণ শিক্ষার্থীদের সামনে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা গেছে।