ঢাকা সংবাদদাতা: গাজীপুরের টঙ্গীতে মনোয়ারা বেগম (৫৫) নামের এক যুক্তরাষ্ট্রপ্রবাসী দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। আজ বুধবার বেলা ১২টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার একটি বাসায় ওই নারীকে কুপিয়ে জখম করা হয়।
মনোয়ারাকে আহত অবস্থায় প্রথমে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মনোয়ারার ছেলে মাহফুজ আলম জানান, তাঁরা পরিবারসহ যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁর বিয়ে উপলক্ষে গত ৪ জুন পুরো পরিবার দেশে আসেন। এখন তাঁরা টঙ্গীর মধ্য আরিচপুর শেরেবাংলা রোডের আমেরিকা ভিলায় নিজেদের ছয়তলা বাসার দ্বিতীয় তলায় থাকেন।
মাহফুজ আরো জানান, তাঁদের তৃতীয় তলার ফ্ল্যাট খালি ছিল। আজ বেলা ১২টার দিকে তিন যুবক বাসা ভাড়া নিতে আসেন। তখন তাঁর মা যুবকদের নিয়ে তিন তলায় ফ্ল্যাট দেখাতে যান। অনেকক্ষণ নিচে না নামায় তাঁর বাবা আবুল বাসার তিনতলায় গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মায়ের শরীর সোনার গয়না ছিল। কিন্তু সেগুলো খোয়া যায়নি।
তবে কী কারণে মনোয়ারাকে হত্যা করা হলো, তা নিশ্চিত নন নিহতের স্বজনরা।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, মনোয়ারার মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।















