ঢাকা সংবাদদাতা: নওগাঁর মান্দা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে দুই ‘ডাকাত’ নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চৌবাড়িয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সুজন মিয়া (৪২) ও মোজাম্মেল হক (৪৫)। তাঁদের মধ্যে মোজাম্মেল হকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এবং সুজন মিয়ার বাড়ি রাজশাহীতে।
আহত দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ইমরান হোসেন (৩৫) ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার সোহেল (৩৮)।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ট্রাকসহ ১০ থেকে ১২ জনের একটি দল মান্দা থানা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
খবর পেয়ে ডাকাতদলকে গ্রেপ্তার করতে নিয়ামতপুর ও মান্দা থানা পুলিশ যৌথ অভিযানে নামে। রাত ১২টার পর মান্দা থানার ওসি আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ডাকাতদলকে ধাওয়া করে। তখন নিয়ামতপুর থানা পুলিশকে জানানো হয়, ডাকাতদল ট্রাক নিয়ে চৌবাড়িয়াহাটের দিকে যাচ্ছে।
নিয়ামতপুর পুলিশ ওয়্যারলেসে মেসেজে পাওয়ার পর চৌবাড়িয়াহাট এলাকায় প্রধান সড়কে ব্যারিকেড দেয়। রাত সাড়ে ১২টার দিকে সংঘবদ্ধ ডাকাতদল গুলি ছুড়তে ছুড়তে ট্রাক দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ পিস্তলের চারটি ও শটগানের ১২টি গুলি ছোড়ে।
ওসি রফিকুল ইসলাম আরো জানান, এ সময় পুলিশের গুলিতে আন্তজেলা ডাকাতদলের সদস্য সুজন মিয়া ও মোজাম্মেল হক ঘটনাস্থলেই নিহত হন। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরো দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে অন্য ডাকাতরা ট্রাক ফেলে পালিয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, পুলিশের গুলিতে আহত ডাকাত ইমরানের হোসেনের বিরুদ্ধে নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর, রাজশাহীর তানোরসহ বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতির কমপক্ষে ২০টি মামলা রয়েছে। আর নিহত ডাকাত সুজন মিয়া ও মোজাম্মেল হকের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।















