ঢাবি প্রতিনিধি: সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা সংস্কার করে ১০ শতাংশে নিয়ে আসাসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থী ও চাকরি-প্রত্যাশীদের আন্দোলন ‘ঢাকা চলো’ নামে নতুন কর্মসূচি দিয়ে গতকালের মতো শেষ হয়েছে। নতুন কর্মসূচি দিয়ে সোমবার রাত সাড়ে ৯টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে সরে যান আন্দোলনকারীরা।
এ সময় আন্দোলনকারীদের একজন ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিপাশা চৌধুরী বলেন, আগামী ১৫ এপ্রিলের মধ্যে কোটা সংস্কারের দাবি মেনে নিতে হবে। তা না হলে ১৬ এপ্রিল ‘ঢাকা চলো’ কর্মসূচি পালন করা হবে।
এর আগে সোমবার বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করে কোটা সংস্কার-প্রত্যাশী ২০সদস্যের একটি প্রতিনিধি দল। সেখান থেকে ৭মে পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন স্থগিতের ঘোষণা আসে। বৈঠক শেষে আন্দোলনকারীদের সমন্বয়ক হাসান আল মামুনসহ প্রতিনিধি দল টিএসসিতে এসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। তবে আন্দোলন স্থগিত করা আন্দোলন বানচালের চক্রান্ত ভেবে আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যায়। তবে শেষ পর্যন্ত ‘ঢাকা চলো’ নামে নতুন কর্মসূচি দিয়ে তারা আজকের আন্দোলন শেষ করেন।















