বিএনপিকে সমাজ থেকে একঘরে করতে হবে: ইনু

465

ঢাকা সংবাদদাতা: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপির নেত্রী খালেদা জিয়া নারী উন্নয়নবিরোধী। তিনি নারী নির্যাতনকারীদের পক্ষে। জঙ্গিদের সঙ্গী হয়ে তিনি দেশকে পিছিয়ে দিয়েছেন। আগামী নির্বাচনে তাদের পরিহার করতে হবে। বিএনপিকে সমাজ থেকে, রাজনীতির মাঠ থেকে, নির্বাচন থেকে একঘরে করতে হবে।’

রোববার দুপুরে জাতীয় নারীজোট ভেড়ামারা উপজেলা শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি ধর্মের মুখোশধারী বিরোধী শক্তি। তাদের প্রতিহত করতে হলে নারী সমাজের জেগে উঠতে হবে। জাসদ নারীদের সম্মানের জন্য লড়াই করছে। নারীদের নিরাপত্তাসহ সব ধরণের সুযোগ সুবিধা জাসদ নিশ্চিত করতে চায়। জাসদ আপনার শক্তি, জাসদ আপনার সম্মান, মর্যাদা, অধিকার হিস্যার পাহারাদার।

তিনি আরো বলেন, বিএনপি আজ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার কোন সুনির্দিষ্ট প্রস্তাব হাজির করতে পারেনি। আমরা মনে করি যথা সময়ে নির্বাচনের মধ্যদিয়ে সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করবো। এই ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।

ভেড়ামারা উপজেলা নারী জোটের সভাপতি সভাপতি নাসিমা আলীম সাজু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা।