জকি কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

603

খেলাধুলা ডেস্ক: চার জাতি জকি কাপ ফুটবলে হংকংকে ৬-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। রবিবার দুপুরে মাঠে হংকংয়ের বিপক্ষে মাঠে নামে গোলাম রব্বানী ছোটন শিষ্যরা। পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল দল। চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে বাংলাদেশের হ্যাটট্রিক করেন তহুরা খাতুন। শনিবার ইরানের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন এ ফরোয়ার্ড।

চার জাতির জকি কাপ ফুটবলের শিরোপা নির্ধারনী ম্যাচে বাংলাদেশের কাছে শুরু থেকে পাত্তা পায়নি স্বাগতিকরা। চার মিনিটে ডেড লক ভাঙ্গেন তহুরা। ৩৯ মিনিটে সাজেদা আর তার পরের মিনিটেই তহুরার গোলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতীতে যায় লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধেও আক্রমনের ধার কমেনি সফরকারী মেয়েদের। ৬৭ মিনিটে ব্যবধান ৪-০ করেন শামসুন্নাহার। ৭২ মিনিটে স্কোরারের লিস্টে নাম তোলেন আনুচিং। আর এর দু মিনিট বাদে নিজের হ্যাট্রিক এবং দলের হাফ ডজন পূরণ করেন তহুরা খাতুন। শেষ দিকে আর গোল না হলেও টানা হ্যাটট্রিক জয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করেছে শিরোপা জিতে।

জকি কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে উড়িয়ে দেয়ার পর, দ্বিতীয় ম্যাচেও বড় জয় পায় তহুরা, আনুচিংরা। র‌্যাংকিংয়ে ৪৪ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ইরানকে ৮-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশের কিশোরীরা।

ঘরের মাঠে সাফ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি নিয়েই হংকং গিয়েছিল মেয়েদের অনূর্ধ্ব–১৫ দল। এবার স্বাগতিক হংকংকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো তারা।

এই টুর্নামেন্টে চারটি দেশ অংশ নেয়। তাদের মধ্যে নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ের বাংলাদেশের স্থান সবার পরে। মালয়েশিয়া ছিল ২২ ধাপ এগিয়ে। ইরান ৪৪ ধাপ। ৩১ ধাপ এগিয়ে ছিল হংকং। কিন্তু টুর্নামেন্ট জয় করে বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছে, র‍্যাঙ্কিং তাদের কাছে মাথা ঘামানোর কোনো বিষয় নয়।