আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা ব্লক থেকে রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘমেয়াদে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে শক্তিশালী রাসায়নিক নার্ভ এজেন্ট প্রয়োগের অভিযোগে, পশ্চিমা দেশগুলোর রাশিয়ার বিরুদ্ধে একাট্টা হওয়ার দৃষ্টান্ত স্নায়ুযুদ্ধের পর আবারও দেখলো বিশ্ব।
তবে লক্ষণীয় বিষয় হলো, পুরো পশ্চিমাবিশ্ব মে’র ডাকে ব্রিটেনের পাশে এমন একসময় দাঁড়িয়েছে যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ২০২০সালের মধ্যেই বেরিয়ে আসছে দেশটি।
লন্ডনে সিনিয়র কেবিনেট সদস্যদের সঙ্গে বৈঠকে মঙ্গলবার মে বলেন, মিত্রদেশগুলো রাশিয়ার বিরুদ্ধে তাদের কঠোর মনোভাব দেখাচ্ছে শুধুই ব্রিটেনের সাথে একাত্মতা জানানোর জন্য নয় বরং তারা অনুধাবন করতে পেরেছে ‘রাশিয়া’ আসলেই একটি অনেকবড় হুমকির নাম।
মে বলেন, ব্রিটেনের আহ্বানে সাড়া দিয়ে রাশিয়ার বেপরোয়া ও আগ্রাসী ভূমিকার বিপক্ষে জোরালো পদক্ষেপ নেওয়া হলেও আন্তর্জাতিক অংশীদারদের সাথে মিলে এখনও আরও অনেককিছু করার বাকি। আর তা হতে হবে দীর্ঘমেয়াদী কোনও ব্যবস্থা।
প্রসঙ্গত, শেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ার ৭ কূটনীতিককে বহিষ্কার করেছে ন্যাটো।















