জলাশয় ভরাট করে উন্নয়ন নয়: প্রধানমন্ত্রী

434

ঢাকা সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের নামে যাতে জলাশয় ভরাট করা না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। সকালে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। পানির অপচয় রোধে সবাইকে আরো সতর্ক হওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শিল্প কারখানার বর্জ্য যাতে পানিতে মিশে দূষিত করতে না পারে সেদিকে সবাইকে নজর দিতে হবে।

পানির জন্য প্রকৃতি– এই প্রতিপাদ্য নিয়ে এবছর পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে নিরাপদ পানির গুরুত্ব ও ভাটির দেশের মানুষ হিসেবে পানির প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, পানি প্রধান দেশ হয়ে নানা অব্যবস্থাপনার কারণে গ্রীষ্মকালে পানি পাওয়া এখন দুরহ হয়ে পড়ে। অনেকে প্রাকৃতিক পানির উৎস ধ্বংস করে শিল্প কারখানা গড়ে তুলছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে উন্নয়নের নামে জলাশয় ভরাট বন্ধ করতে হবে।
শেখ হাসিনা বলেন, পানির চাহিদা মেটাতে সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে। তবে, অপচয় রোধে জলাধার নির্মাণের পাশাপাশি সচেতনতা বাড়ার তাগিদ দেন তিনি।

তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানি বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কারো মুখাপেক্ষি না হয়ে নিজেদের প্রয়োজন মেটাতে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।