আন্তর্জাতিক ডেস্ক: ভুয়া খবর ছড়ালে ১০ বছরের কারাদণ্ড দেয়ার বিধান রেখে আইন প্রস্তাব করেছে মালয়েশিয়ার সরকার। প্রস্তাবিত খসড়া আইনটিতে বলা হয়েছে, ভুয়া খবর ছড়ানোর কাজে জড়িত সন্দেহভাজনদের অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ লাখ রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে সমালোচকদের অভিযোগ, বিরোধীমতের কণ্ঠরোধে সরকার ওই আইন কার্যকর করতে যাচ্ছে।
প্রস্তাবিত খসড়া আইনে ভুয়া খবরের সংজ্ঞায় বলা হয়েছে, সংবাদ, তথ্য এবং প্রতিবেদন যা সম্পূর্ণ বা আংশিক অসত্য, তাকে ভুয়া খবর হিসেবে বিবেচনা করা হবে। এই আইনে ব্লগ, ফোরাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টকেও এখতিয়ার ভুক্ত করা হয়েছে।















