ঢাকা সংবাদদাতা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন আপিল বিভাগ। ৮ মে পর্যন্ত জামিন স্থগিত করেছেন আদালত। এ ছাড়া রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন-দুদককে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেয়া হয়েছে।
হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষে সোমবার আপিল বিভাগ এ আদেশ দেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রোববার এ বিষয়ে শুনানি শেষ হয়। সোমবার তা আদেশের জন্য রাখেন আদালত।
আদালতে দুদকের পক্ষে খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মাদ আলী ও খন্দকার মাহবুন হোসেন শুনানি করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকেই খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন। এরপর খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করা হলে হাইকোর্ট গত ১২ মার্চ তাকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।















