আসিয়ান সম্মেলনে রোহিঙ্গা ইস্যু, চাপের মুখে সু চি

575

আন্তর্জাতিক ডেস্ক: সিডনির আসিয়ান সম্মেলনের আলোচনায় উঠে এসেছে রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি দেশের এই জোটের তিন দিন ব্যাপী চলা সম্মেলনের শেষ দিনে দীর্ঘ সময় ধরে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। সম্মেলনকেন্দ্রের বাইরে সু চি’র বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। তবে রোহিঙ্গা সঙ্কটে হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করে দিয়েছে আসিয়ানভুক্ত দেশগুলো।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনে প্রায় সাত লাখ রোহিঙ্গার দেশ ছাড়ার ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। অভিযানের বিষয়ে নিরব ভূমিকা পালন করায় বিশ্বজুড়ে বহু সম্মাননা বাতিল হয়েছে তার। মানবিক সঙ্কট তৈরি করা রোহিঙ্গা ইস্যুটি অস্ট্রেলিয়া ও আসিয়ানের এবারের যৌথ সম্মেলনেরও গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হয়েছে।

প্রসঙ্গত, দশ জাতির জোট আসিয়ান গঠিত হয় ১৯৬৭ সালে। সদস্য দেশগুলো হলো- ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। ১৯৭৪ সাল থেকে জোটটির আলোচনা সহযোগি হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া।

শেষ দিনের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবল বলেন, ‘রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে আমরা আজ দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি। অং সান সু চি এই বিষয়ে দীর্ঘ সময় নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন।’

সংবাদ সম্মেলনে চলতি বছরে আসিয়ানের সভাপতির দায়িত্বে থাকা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং বলেন, চলমান পরিস্থিতি নিয়ে মিয়ানমারের প্রতিবেশিরা উদ্বিগ্ন। তবে তারা ফলাফলের জন্য কোনো জোর খাটাবে না। তিনি বলেন, আসিয়ানভুক্ত সব দেশের জন্যই এটা উদ্বেগের। তবে এখন পর্যন্ত আসিয়ান সেখানে হস্তক্ষেপ বা ফলাফলের জন্য জোর খাটাতে সমর্থ হয়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস