নিদাহাস ট্রফির ফাইনাল আজ

821

খেলাধুলা ডেস্ক: আজ নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

পুরো জাতির আকুতি এখন একটি জয়ের। আর একটি জয়ই পারে টাইগারদের ইতিহাসে প্রথমবার ত্রিদেশীয় সিরিজ জয়ের স্বাদ মেটাতে। এজন্য ভারত বাধা টপকাতে হবে বাংলাদেশকে।

নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে ৬ উইকেটের হার দিয়ে মিশন শুরু বাংলাদেশের। এর আগে ঘরের মাঠে লঙ্কানদের কাছে ত্রি-দেশীয় সিরিজের শিরোপা হারায় টাইগাররা। হারের বৃত্ত থেকে কেন ফিরতে পারছে না টাইগাররা, সেটা নিয়ে তাই চুলচেরা বিশ্লেষণ।

সে সময় সাকিববিহীন বাংলাদেশের অধিনায়ক মাহামুদউল্লাহ রিয়াদের বিশ্বাস ছিল, কেবল একটা জয়ই বদলে দিতে পারে সবকিছু। সেই কাঙ্ক্ষিত জয়টা এনে দিলেন মুশফিকুর রহীম, তার অতিমানবীয় ব্যাটিং দিয়ে।

রিয়াদের বিশ্বাস সত্য হলো কি? পরের ম্যাচেই যে ভারতের বিপক্ষে ১৭৭ রানের টার্গেটটা টপকাতে পারলো না বাংলাদেশ।

কিন্তু কে জানতো, নিজের কথা সত্য প্রমাণ করবেন রিয়াদ নিজেই! স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় শেষ ওভারে ১২ রান তুলে ১ বল হাতে রেখেই ম্যাচ জেতান তিনি। ফাইনালে নিয়ে গেলেন বাংলাদেশকে।

শিরোপা জিততে এবার চাই আর একটি জয়, তাতে বাধা ভারত। চলতি টুর্নামেন্টেই আগের দুই দেখায় রোহিত শর্মাদের কাছে হেরেছে বাংলাদেশ। শুধু এই টুর্নামেন্ট নয়। ভারতের বিপক্ষে সব মিলিয়ে ৭টা ২০ ওভারের ম্যাচ খেলেছে সাকিব-মাহামুদউল্লাহরা। হেরেছে সবক’টাতেই। তাই নিদাহাস ট্রফির শিরোপা বাগাতে টি-টোয়েন্টি ইতিহাসে প্রথমবার হারাতে হবে ভারতকে।

টাইগারদের কাজটা চ্যালেঞ্জিং। কিন্তু সব কিছুরই একটা শুরু আছে। আর ভারতকে টি-টোয়েন্টিতে হারানোর শুরুটা নিদাহাস ট্রফির ফাইনালেই করবে বাংলাদেশ, এমন প্রত্যাশায় অপেক্ষা প্রহর গুনছে কোটি টাইগার সমর্থক।