‘ভারত-শ্রীলঙ্কা ফাইনাল’ কার্ড ছাপিয়ে লজ্জায় লংকান বোর্ড

924

খেলাধুলা ডেস্ক: ভারত-শ্রীলঙ্কা ফাইনাল খেলবে এমন কার্ড ছাপানো হয়েছে। আর এটাইতো স্বাভাবিক ছিল লঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে। লংকান সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্তদের মনেও। চলতি বছরের শুরুতে তারা বাংলাদেশকে ওয়ানডে, টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে যেভাবে নিজেদের সাহস ফিরে পেয়েছিল তাতে এক প্রকার নিশ্চিত হওয়াই যায় এই সিরিজে ফাইনালের ফেভারিট শ্রীলঙ্কা। সিরিজের অন্যদল ভারত গত মঙ্গলবার রাতেই নিশ্চিত করেছে ফাইনাল। লঙ্কান ক্রিকেট বোর্ড হয়তো চিন্তাও করেনি টানা দুই ম্যাচে বাংলাদেশের কাছে হারতে হবে তাদের।

সেই চিন্তা থেকেই আগেভাগে ফাইনাল ম্যাচের টিকেট ছাপিয়ে রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইনাল ম্যাচের টিকেট ভেসে বেড়াচ্ছে গতকাল শুক্রবার রাত থেকে। যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে, নিদাহাস ট্রফি ২০১৮ ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ফাইনাল ১৮ মার্চ ২০১৮। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রলের শিকার হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এমন ঘটনায় যদিও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এখনো কোন কিছু বলেনি।  আগামীকাল ১৮ মার্চ রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির দুই অতিথি দল বাংলাদেশ এবং ভারত ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।