ঢাকা সংবাদদাতা: মাদ্রাসার শিক্ষক হিসেবে সারাদেশে এক হাজার দশ জন কওমি আলেমকে নিয়োগ দেয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক হিসেবে তাদের নিয়োগ দেয়া হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগপত্র গ্রহণ করেন। দেশের সব উপজেলা থেকে দুই জন করে কওমী ডিগ্রীধারীকে আগামী এক বছরের জন্য শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছে সরকার।
২০১৭ সালে কওমী মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রীর সমমান ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবহিকতায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো একসাথে এত কওমি আলেম সরকারি চাকরীতে যোগ দিচ্ছেন।
নবনিযুক্ত শিক্ষকদের নিয়ে তিনদিনের একটি কর্মশালার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।















