সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জে ছাতক-দোয়ারাবাজার সড়কে একটি বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন দোয়ারাবাজার উপজেলার কয়েক লাখ মানুষ। যান চলাচল বন্ধ থাকায় উপজেলার দোয়ারাবাজার সদর, নরসিংপুর, বাংলাবাজার, লক্ষ্মীপুর, বোগলা, সুরমাসহ ছয়টি ইউনিয়নের মানুষজন সরাসরি কোথাও যেতে পারছেন না।
গতকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ব্রিজ ভেঙে অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক খাদে পড়ে যায়। তবে ভাঙা ব্রিজের নির্মাণ কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
জানা গেছে, ছাতক-দোয়ারাবাজার সড়কে তিনটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজসহ বেশ কয়েকটি কংক্রিটের ব্রিজ ও কালভার্ট রয়েছে। দীর্ঘদিন ধরে সড়কের সংস্কার কাজ না করায় পুরো সড়কটির অবস্থা বেহাল। সব ক’টি বেইলি ব্রিজ মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রতিদিন এ রুটে শতাধিক সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সেতুটি ভেঙে যাওয়ায় এসব যানবাহনের চালকদের আয়ও বন্ধ হয়ে গেছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এ সড়ক ব্যবহার করে দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। সরাসরি যানবাহন চলাচল না করায় বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন।
বোগলা ইউনিয়নের ইউপি সদস্য আকবর আলী জানান, সেতু ভেঙে পড়ায় দোয়ারাবাজার উপজেলার কয়েক লাখ মানুষ দুর্ভোগে পড়েছেন। তারা যানবহনে করে সরাসরি কোথাও যেতে পারছেন না। সিএনজি অটোরিকশা, প্রাইভেট গাড়ি দোয়ারাবাজার থেকে কোথাও চলাচল করতে পারছে না।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালের ইন্টার্ন ডাক্তার মো. শফিকুল ইসলাম বলেন, ‘বছরের পর বছর ধরে দোয়ারাবাজার-ছাতক সড়কের বেহাল দশা। কিন্তু কেউ সংস্কার বা মেরামত না করায় ব্রিজ ভেঙে পড়ছে।’
নোয়ারাই ইউনিয়নের পাটিবাগ গ্রামের মঈনুল হক বলেন, ‘ঝুঁকিপূর্ণ সেতুর কথা অনেকবার স্থানীয় জনপ্রতিধিকে বলা হয়েছে। কিন্তু তিনি কোনও পদক্ষেপ নেননি। এজন্য এলাকাবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
মোটরসাইকেল চালক সুহেল মিয়া বলেন, ‘দ্রুত বেইলি ব্রিজ তৈরি করা না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এভাবে জনদুর্ভোগে মানুষের কষ্ট বাড়ে। ’
সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ‘এ সড়কে তিনটি বেইলি ব্রিজ রয়েছে। নতুন সেতু নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি। প্রকল্পটি অনুমোদন হলে বেইলি সেতুর জায়গায় নতুন কংক্রিটের সেতু নির্মাণ করা হবে। যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য আমরা আপাতত এখানে একটি নতুন বেইলি ব্রিজ স্থাপন করবো।’
উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জে ছাতক-দোয়ারাবাজার সড়কে একটি বেইলি ব্রিজ ভেঙে অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক খাদে পড়ে যায়। এতে ওই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া অপর এক ব্যক্তি আহত হন।















