ঢাকা সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলন-কর্মসূচি থেকে ‘রাজনৈতিক সুবিধা’ নিতে সরকারই নানাভাবে উস্কানি দেবে, তবে তাতে পা না দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকা ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সকাল থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশের মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।















