সীমা আক্তার: লেপটপ কম্পিউটারটিতে সমস্যা থাকায় শুক্রবারের নামাজ পড়ে সরাসরি চলে যাই রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক শিয়ারা মার্কেটে। পূব পরিচিত রেজাউল করিম জিতুর দোকানে চলে যাই। আমার কম্পিউটারের বিভিন্ন সেটিংয়ের কাজ হচ্ছে এ সময় দু‘জন দোকানের সামনে আসলেন। কথা বলতে লাগলেন শুদ্ধ বাংলায়। চেহারা মোটেই বাংলাদেশের কোন অংশের মানুষের সাথে মিল নেই দেখে প্রথমেই ধরে নিলাম এরা বিদেশি। সেখানে কেনাকাটা করলেন কম্পিউটার ইন্টারনেট সংক্রান্ত কয়েকটি ডিভাইস। কেনাকাটার সময় তাদের দামাদরও ছিল যথেষ্ঠ স্পষ্ট বাংলায়।
আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করতেই তারা জানালেন তারা ভূটানি। ভুটানের রাজধানী থিম্পুতে তাদের বাড়ী। বাংলাদেশে উচ্চতর ডাক্তারী ডিগ্রীর জন্য এসেছেন। এদের এজনের নাম ছেওয়াং, অন্যজনের নাম নামখা।
ছেওয়াং মিরপুর ঢাকা ডেন্টাল কলেজে অধ্যয়ন শেষে সেখানেই ইন্টার্নী করছেন। ২০১২ থেকে বাংলাদেশে আছেন। কথায় কথায় ছেওয়াং জানান, বাংলাদেশটা তার কাছে খুবই ভাল লাগে। তবে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা খুব ভাল নয়। কোথাও গেলে রাস্তায় সময় নষ্ট হয়। তিনি জানান, বাংলাদেশের আবাহাওয়াও যথেষ্ট গরম। ভুটানের সাথে বাংলাদেশের জনসংখ্যার তুলনা করে বলেন, বাংলাদেশে শুধু মানুষ আর মানুষ। আমাদের দেশে মানুষের চেয়ে পাহারের সংখ্যা বেশি।
ছেওয়াং ভুটানের রাজকীয় সরকারের ডাক্তার। ২০১৬ সালে তিনি বাংলাদেশ থেকে ভুটানে গিয়ে রয়েল সিভিল সার্ভিসে যোগদান করে আবার অনুমতি নিয়ে বাংলাদেশে উচ্চ শিক্ষার জন্য আসেন।
ছেওয়াংএর সাথের ভুটানি বন্ধু ‘নামখা‘। তিনি বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গাইনী বিষয়ে উচ্চতর ডিগ্রীর জন্য অধ্যয়ন করছেন। নামখা ২০১৩ সাল থেকে বাংলাদেশে আছেন। তিনিও ভুটানের রাজকীয় সরকারের ডাক্তার।
ছেওয়াং ও নামখা জানান, ২০১৮ সালে অধ্যয়ন শেষে স্বদেশে ফিরে যাবেন। ভুটানে ফিরে গেলেও বাংলাদেশের সাথে তাদের অটুট বন্ধন আছে ও থাকবে। তারা বারবার বাংলাদেশে ফিরে আসবেন হয়তো শুধু বাংলাভাষায় কথা বলার জন্য।
মাল্টিভিউ কম্পিউটারস্ এর সিনিয়ন সেলস এক্সিকিউটিভ জিতু জানান, প্রায় সময়ই ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ কিনতে আমাদের এখানে আসেন। তারা সাধারণত ইংরেজি বা ভাঙ্গা ইংরেজিতে কথা বলেন। তবে আজকের ছেওয়াং ও নামখাদের মতো বিদেশীরা যখন স্পষ্ট করে বাংলা বলেন তখন আমরা যেমন অভিভূত হই তেমনি আমাদের বাংলা ভাষা নিয়ে তুষ্টি অনুভব করি।















