ঢাকা সংবাদদাতা: চট্টগ্রামের রাউজানে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে এক স্কুলছাত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
রোববার মধ্যরাতে রাউজান থানাধীন ডাবুয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
সোমবার সকালে র্যাব-৭ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান বলেন, আটককৃতদের মধ্যে একজন একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। অপরজন অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের দুজনের অ্যাকাউন্টে এসএসসি পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্ন পাওয়া গেছে।
আশিকুর রহমান বলেন, ইংরেজি, গণিতসহ বেশ কিছু প্রশ্ন পাওয়া গেছে ওই দুইজনের অ্যাকাউন্টে। ফাঁস হওয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে তারা টাকা নিত বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ বিষয়ে র্যাব-৭ এর চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।















