প্রধানমন্ত্রীর বহরে ব্যক্তিগত গাড়ি, ঝুলে আছে বিচার

698

ঢাকা সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে ব্যক্তিগত গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে করা মামলার বিচারকাজ ঝুলে আছে। মামলার অভিযোগ গঠনের জন্য তিনটি তারিখ পার হলেও আসামিরা বিভিন্ন অযুহাতে সময়ের আবেদন করায় মামলার বিচার কাজ বিলম্বিত হচ্ছে।

মামলাটি বর্তমানে ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ের আদালতে বিচারাধীন রয়েছে।

গতকাল বৃহস্পতিবার ওই আদালতের পেশকার জহুরুল হাসান জানান, আগামী ১১ ফেব্রুয়ারি মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে। আসামিরা এ নিয়ে তিনটি তারিখ সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

গত বছরের ২৩ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক হেলাল উদ্দিন এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।

মামলার তিন আসামিরা হলেন- মুহিত আহমেদ, শেখ শাহরিয়ার করিম ও তাহসিব রেজা। তাঁরা সবাই জামিনে রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির ৮ নম্বর সড়ক দিয়ে প্রধানমন্ত্রী তাঁর গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিন যুবক তাঁদের ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে যান।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তিন যুবককে গ্রেপ্তার করে। পরে ধানমন্ডি থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, বেপরোয়াভাবে গাড়ি চালানো, সরকারি কাজে বাধা সৃষ্টি, প্রধানমন্ত্রীর গাড়িবহরের মধ্যে গাড়ি ঢুকিয়ে দেওয়ার অভিযোগে তিন যুবককে আসামি করে মামলা হয়। ঘটনার দিনই তাঁদের গ্রেপ্তার করা হয়।