আইনের শাসন সূচকে ১১৩ দেশের মধ্যে বাংলাদেশ ১০২তম স্থানে

649

ঢাকা সংবাদদাতা: ২০১৭-১৮ সালের আইনের শাসন সূচকে ১১৩টি দেশের মধ্যে ১০২ তম স্থানে রয়েছে বাংলাদেশ। বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রকাশিত ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) এ সূচক প্রকাশ করে। সূচকে আগের বছর অর্থাৎ ২০১৬ সাল থেকে এবার এক ধাপ এগিয়েছে বাংলাদেশ।

২০১৭ সালের সূচকে দক্ষিণ এশিয়ার ছয় দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে নেপাল। এরপর রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান। এ অঞ্চলের ছয় দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চার নম্বরে।

নিম্ন মধ্য আয়ের ৩০ দেশের মধ্যে বাংলাদেশের স্থান ২৪।

বিশ্বের ১১৩টি দেশের ১ লাখ ১০ হাজার পরিবার এবং ৩ হাজারেরও বেশি বিশেষজ্ঞের ওপর চালানো জরিপের ভিত্তিতে এই সূচক নির্ণয় করা হয়েছে। এতে মোট ৪৪টি উপাদানের মধ্যে বিশেষ করে আটটি প্রাথমিক উপাদানের ওপর জোর দেওয়া হয়েছে। বিষয়গুলো হচ্ছে সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, উন্মুক্ত সরকার, মৌলিক অধিকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিয়মিত বাহিনী, দেওয়ানি বিচার ব্যবস্থা ও ফৌজদারি বিচার ব্যবস্থা।

২০১৭-১৮ সালের সূচকে শীর্ষে থাকা তিন দেশ হচ্ছে যথাক্রমে ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড। একেবারে নিচের দিকে থাকা তিন দেশ হচ্ছে আফগানিস্তান, কম্বোডিয়া ও ভেনেজুয়লা। র‍্যাংকিংয়ে দেশগুলোর স্থান যথাক্রমে ১১১, ১১২ ও ১১৩।

দক্ষিণ এশিয়ায় শীর্ষে থাকা নেপালের সামগ্রিক অবস্থান ১১৩ দেশের মধ্যে ৫৮। আগের বছরের চেয়ে পাঁচ ধাপ এগিয়েছে দেশটি। ১১১ তম স্থান নিয়ে সূচকে এ অঞ্চলের সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে আফগানিস্তান।

গতবারের চেয়ে এবারের তালিকায় নয় ধাপ এগিয়েছে শ্রীলঙ্কা। দেশটির অবস্থান ৫৯ নম্বরে।

ওয়াশিংটনভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি)-এর এ সূচককে আইনের শাসনের ওপর প্রকৃত তথ্যের জন্য বিশ্বের সবচেয়ে নির্ভযোগ্য উৎস হিসেবে বিবেচনা করা হয়।

ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের প্রতিষ্ঠাতা এবং সংস্থাটির সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন উইলিয়াম এইচ নিউকোম। তিনি বলেন, কার্যকর আইনের শাসন হচ্ছে সমতা, সুযোগ ও শান্তির জন্য ভিত্তিস্বরূপ। কিন্তু কোনও দেশই আইনের শাসনের নিখুঁত উপলব্ধি অর্জন করেনি।