সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র : বার্নিকাট

545

ঢাকা সংবাদদাতা: সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে এবার ভয়হীন ও শঙ্কামুক্ত নির্বাচন দেখতে চাই আমরা। বললেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে দেখা করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বার্নিকাট বলেন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে সব দলের অংশগ্রহণ প্রয়োজন। সবাই যেনো প্রার্থী দিতে পারে ও নির্বাচনের প্রচারণা চালাতে পারে তা নিশ্চিত করতে হবে। ভোটাররা যেনো নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে ও তাদের ভোট যেনো গণনা হয়।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি জানান, আসছে নির্বাচন যেনো ১৫ ফেব্রুয়ারি ও ৫ জানুয়ারির মতো বয়কটের নির্বাচন না হয়, সে বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

তিনি বলেন, বড় দলের অংশগ্রহণ না থাকলে ভোটে সহিংসতা হয়। আমরা সব দলের অংশগ্রহনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন চাই। যেনো কোন ধরনের সংহিসতা না হয়।

সচিব বলেন, সবদল যেনো নিবার্চনে অংশ গ্রহন করে, নিবার্চন কমিশনের পক্ষ থেকে সব ধরনের পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, একই সঙ্গে ভোটের ত্রুটি-বিচ্যুতি, হরতাল-জ্বালাও পোড়াও নিয়ে উদ্বেগ রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের।

মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, নিবার্চনে সবাইকে মাঠে নামানোটাই বড় একটা চ্যালেঞ্জ। সুষ্ঠু নির্বাচনের জন্য নিবার্চন কমিশনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নিচ্ছি। দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে এর কাজ শুরু হবে।

ইভিএম নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে- তাদের আশা কমিশন সবার মতামত নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। পাশাপাশি ‘রোডম্যাপ’ ধরে কাজ এগোনোর কথাও তুলে ধরা হয় বৈঠকে।