ঢাকা সংবাদদাতা: হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কথাসাহিত্যিক শওকত আলী। বৃহস্পতিবার সকালে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আজ বাদ যোহর টিকাটুলি জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে।
তিনি একাধারে লেখক, সাংবাদিক ও শিক্ষক। শওকত আলী রচনা করেছেন পিঙ্গল আকাশ, প্রদোষে প্রাকৃতজন, দক্ষিণায়নের দিন আর পূর্বরাত্রি পূর্বদিনের মতো বিখ্যাত উপন্যাস। বাংলা ভাষাভাষি লেখকদের মধ্যে শওকত আলী ছিলেন অন্যতম।
১৯৩৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে জন্ম কথাসাহিত্যিক শওকত আলীর। ১৯৫২ সালে চলে আসেন বাংলাদেশের দিনাজপুরে। ১৯৫৫ সালে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু তাঁর। ১৯৬২ সালে যোগ দেন জগন্নাথ কলেজে প্রভাষক হিসেবে। ১৯৬৩ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘পিঙ্গল আকাশ’।
সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৬৮ সালে পান বাংলা একাডেমি পুরষ্কার। ১৯৯০ সালে পান একুশে পদক। দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত ও পূর্বদিন পূর্বরাত্রির জন্য পান ফিলিপস সাহিত্য পুরষ্কার। মূলত ষাটের দশকে বাঙালি মধ্যবিত্ত সমাজ ব্যবস্থার ধ্যান ধারণা, চিন্তাভাবনা এবং জীবনযাপনে পরিবর্তনের ধারা উঠে এসেছে তার লেখায়।















