রুশ সংযোগ তদন্তে সাক্ষ্য দিতে রাজি ট্রাম্প

1022

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনের সময় তার রুশ সংযোগ নিয়ে তদন্তে সাক্ষ্য দিতে তিনি রাজি আছেন। বিষয়টি নিয়ে সিআইএ-এর পরিচালক মাইক পম্পেও-কে জিজ্ঞাসাবাদের পরই গুঞ্জন উঠে এবার ট্রাম্পকেও জিজ্ঞাসাবাদ করবে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে নিয়োজিত স্পেশাল কাউন্সেল। এর মধ্যেই বুধবার ট্রাম্পের পক্ষ থেকে এমন বক্তব্য এলো। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, শপথ অনুযায়ী তিনি স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের জিজ্ঞাসাবাদের বিষয়ে সম্মত রয়েছেন।

জিজ্ঞাসাবাদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রকৃতপক্ষে আমি এর জন্য অপেক্ষা করছি। শপথ অনুযায়ী আমি এতে অংশ নেবো। যত দ্রুত সম্ভব আমি এতে অংশ নিতে চাই।

ট্রাম্পের পক্ষ থেকে মুলারের তদন্তে সহযোগিতার কথা বলা হলেও বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। কেননা ইতোপূর্বে এই তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে মার্কিন কংগ্রেসে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে ট্রাম্প শিবির।

জিজ্ঞাসাবাদের সুনির্দিষ্ট তারিখ নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, এটি আমার আইনজীবীদের বিষয়।

সাংবাদিকরা জানতে চান, ট্রাম্প এটা মনে করেন কিনা যে, স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার তাকে ন্যায্য সম্মান দেবে? উত্তরে তিনি বলেন, আমরা এটি খুঁজে বের করতে যাচ্ছি।

এদিকে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের তদন্ত নিয়ে কথা বলেছেন হোয়াইট হাউসের আইনজীবী টাই কব। এক বিবৃতিতে তিনি বলেন, সুইজারল্যান্ডের দাভোস সফরে যাওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে দ্রুত কথা বলেছেন। তিনি যে বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন তা হচ্ছে তিনি এখনও তদন্ত কার্যক্রমে সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি রবার্ট মুলারের সঙ্গে কথা বলতে আগ্রহী।