সিলেট ও চট্টগ্রামে ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

626

ঢাকা সংবাদদাতা:এমসি কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় গতকালও উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সচেতন সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ছাত্রলীগের অবস্থান ও বাম ছাত্রজোটের পাল্টা অবস্থানে উত্তেজনা ছিল দিনভর। এদিকে ঢাকায় হামলার রেশ ধরে সিলেট ও চট্টগ্রামে বাম ছাত্রজোটের কর্মসূচিতে হামলা করেছে ছাত্রলীগ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবারের হামলার প্রতিবাদে আগামী ২৯শে জানুয়ারি সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। অন্যদিকে ভিসি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ভিসিকে লাঞ্ছিত করার অভিযোগ তুলে ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।

এমসি কলেজে ছাত্রফ্রন্টের মিছিলে ছাত্রলীগের ধাওয়া

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে জানান, সিলেটের এমসি কলেজে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিলে ধাওয়া করেছে ছাত্রলীগ। গতকাল দুপুরে এমসির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধের ঘটনার জের ধরে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ধাওয়া দিয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। ক্যাম্পাস সূত্র জানায়- ঢাবিতে ছাত্রলীগের হামলায় বাম ছাত্রনেতারা আহত হওয়ার প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একটি মিছিল বের করে। মিছিলে ছাত্রলীগ বিরোধী স্লোগান দেয়া হয় বলে অভিযোগ করেছেন এমসি কলেজ কর্মীরা। এর জের ধরে এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেইন, সৌরভ দাস, শামীম আহমদ, রাসেল এবং মুরাদের নেতৃত্বে মিছিলে ধাওয়া দিয়ে তাদের ক্যাম্পাসছাড়া করেন। শাহপরাণ থানার ওসি আখতার হোসেন জানিয়েছেন- বাম সংগঠন ক্যাম্পাসে মিছিল দিতে চাইলে ছাত্রলীগের বাধার সম্মুখীন হয় বলে খবর পেয়েছি।

মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর ব্যাপক সমালোচনা চলছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের তদন্ত দল কাজ করছে। ঘটনার নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবারের ঘটনায় হামলাকারীদের বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা’। এরপর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে ছাত্রলীগ। তারা ভিসির কার্যালয়ে হামলাকারীদের বিচার ও বহিষ্কারের দাবিতে ভিসিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। পাল্টাপাল্টি কর্মসূচি ও বিক্ষোভে ফের উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। ওদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যারা আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে বাধা প্রদান, সহিংসতা এবং সম্পদের বিনাস করে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তাদের কাছে দায়িত্বশীল আচরণ করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বলতে চায় যে, যেকোনো নিপীড়নমূলক, সন্ত্রাসী ও নাশকতামূলক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড যারাই ঘটাক না কেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুপুর সাড়ে ১২টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের’ ওপর ছাত্রলীগের হামলার বিচারসহ চার দফা দাবিতে ছাত্র ধর্মঘটের ডাক দেন প্রগতিশীল ছাত্রজোট। জোটের সমন্বয়ক ইমরান হাবিব রুমন বলেন, যদি শিক্ষাপ্রতিষ্ঠানকে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত করতে হয়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হয়, তাহলে আমাদের আহ্বান থাকবে সকল প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী যাতে এ ধর্মঘটে অংশ নেয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইমরান হাবিব রুমন নিজেদের চার দফা দাবি উত্থাপন করেন। এগুলো হলো- মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলাকারীদের বিচার করা, আহতদের চিকিৎসা ব্যয় প্রশাসনকে বহন করা, ১৫ই জানুয়ারি শিক্ষার্থীদের ওপর নির্যাতনের সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ আন্দোলনরত শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন দিয়ে বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসন করা। চার দফা দাবি বাস্তবায়নে ধর্মঘটের পূর্বের কর্মসূচির মধ্যে রয়েছে ২৬শে জানুয়ারি বিকাল ৩টায় ঢাবি ক্যাম্পাসে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সংহতি সমাবেশ করবে জোটের নেতাকর্মীরা। এছাড়া ২৮শে জানুয়ারি সারা দেশে জোটের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছাত্রফ্র্রন্টের আরেক অংশের সভাপতি নাঈমা খালেদ মনিকা, ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্রফ্রন্টের একাংশের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্রঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার মধুর ক্যান্টিনে এসে শেষ হয়। এদিকে প্রগতিশীল ছাত্র জোট দাবি করে বুধবার তাদের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে হামলা চালায় ছাত্রলীগ। ইমরান হাবিব রুমন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজ এবং ঢাকায় মিরপুর বাঙলা কলেজে কর্মসূচি চলাকালীন সময়ে জোটের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে।

এরপর সংবাদ সম্মেলন করে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা’। এসময় তারা গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছাত্রলীগ কর্তৃক হামলার বর্ণনা দেয়। পূর্বের ৪ দফা দাবির সঙ্গে আরো এক দফা দাবি যোগ করেন তারা। তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে- অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতা আল আমিন, সোহান, সানী সহ জড়িতদের বহিষ্কার করা; অধিভুক্ত ৭ কলেজের সংকট দ্রুত নিরসন করা; অবিলম্বে নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহার করা; দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরকে পদত্যাগ এবং গত মঙ্গলবার তাদের ওপর হামলাকারীদের বিচার। সংবাদ সম্মেলন শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা’।

এর আগে সকাল ১১টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘সচেতন শিক্ষার্থী’দের ব্যানারে অন্য একটি অংশ। এতে অংশ নেন ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা। এ অংশের আন্দোলনকারীদের সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক নোমান সুমন। ভিসিকে লাঞ্ছিত ও ছাত্রলীগ নেত্রীদের ওপর হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারের দাবিতে তারা এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। সকালে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন শেষে ভিসি কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় ‘সচেতন শিক্ষার্থীরা’। এসময় তারা ভিসিকে তাদের কাছে আসার দাবি তুলে। এক পর্যায়ে প্রক্টরিয়াল বডিতে থাকা শিক্ষকরা তাদের একটি প্রতিনিধি দলকে ভিসির সঙ্গে সাক্ষাতের অনুরোধ করে। এসময় বিক্ষোভকারীরা বলেন, ছাত্র নেতাদের বক্তব্য শেষ হলে তারা একটি স্মরকলিপি দিয়ে চলে যাবেন। দুপুর ১টার দিকে অবস্থান কর্মসূচি থেকে সরে আসে তারা। এরপর সেখান থেকে একটি মিছিল মধুর ক্যান্টিন ও সেন্ট্রাল লাইব্রেরি হয়ে অপরাজেয় বাংলায় এসে শেষ হয়।

এর আগে অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘আজকের পর থেকে কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করে, তাহলে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দাঁতভাঙ্গা জবাব দেব।’ এই কর্মসূচিতে এসে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার ছাত্রছাত্রীর অভিভাবক উপাচার্য মহোদয়কে কীভাবে ঘিরে ধরা হয়েছে তা আমরা দেখেছি। আমাদের বোনদের কীভাবে ঘিরে ধরে লাঞ্ছিত করেছে, হামলা করেছে- তা আমরা দেখেছি। এই হামলা যারা করেছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার করতে হবে।’

শিক্ষক সমিতি ও সাদা দলের নিন্দা

সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারাবাহিকভাবে সংঘটিত সহিংস ঘটনাবলীতে উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ বলে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়ত পন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। এতে স্বাক্ষর করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান। বিবৃতিতে বলা হয়, এসব ন্যক্কারজনক ঘটনায় আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়টি ক্রমশ এক গভীর সংকটের পথে ধাবমান এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এর দীর্ঘদিনের অর্জন ও ইমেজ আজ প্রশ্নবিদ্ধ। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।

বিবৃতিতে বলা হয়, ঢাকার সাতটি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্িতর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। এ আন্দোলনকে কেন্দ্র করে গত ১৫ই জানুয়ারি থেকে ক্যাম্পাসে যে সব ঘটনা ঘটেছে, তা অনাকাক্ষিত ও দুঃখজনক। আন্দোলনের নামে কেউ যদি বাড়াবাড়ি করে, তবে তা মোকাবিলার জন্য বিশ্বদ্যিালয়ের প্রচলিত নিয়মবিধি রয়েছে। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন দমনের দায়িত্ব কোন ছাত্র সংগঠনের নিজের হাতে তুলে নেয়াটা কাম্য হতে পারে না।

এতে আরো বলা হয়, আন্দোলনের নামে অশোভন আচরণ যেমন কাম্য নয়, তেমনি আন্দোলন দমনের নামে সহিংসতাও মেনে নেয়া যায় না। আমরা মনে করি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক বরাবরই একটি পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের বন্ধনে আবদ্ধ। তাই ছাত্রদের যেমন শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, তেমনি শিক্ষকদেরকেও মনে রাখতে হবে যে, ছাত্ররা আমাদের সন্তানতুল্য।

এদিকে সহিংস ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সন্ধ্যায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, প্রশাসনিক ভবনে ভাঙচুর, বিশ্ববিদ্যালয়ের সম্পদের ক্ষতিসাধন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ ও ভিসিকে শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী দ্বারা সংঘটিত হয়েছে বলে শিক্ষক সমিতি মনে করে না। এ ঘটনায় কিছু কিছু বহিরাগত সন্ত্রাসী কর্তৃক বিশ্ববিদ্যালয়কে অশান্ত করা তথা একটি বিশেষ মহল কর্তৃক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের নির্বাচনপূর্ব অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপপ্রয়াস বলেই প্রতীয়মান হয়। শিক্ষকরা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও কর্তৃপক্ষকে সাহায্য ও সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে অনুরোধ করা যাচ্ছে।

রুয়েট ছাত্রলীগের সভাপতি-সম্পাদক গ্রুপের সংঘর্ষ: আহত ১১

রাবি প্রতিনিধি জানান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে সভাপতির অনুসারী ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টা থেকে ১টা পর্যন্ত দুই দফায় রুয়েটের হামিদ হলে এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার ও র‌্যাগ দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
সভাপতি নাঈম রহমান নিবিড়ের অনুসারী আহত ১১ জনের মধ্যে ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজন মাথায় আঘাত পাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

গুরুতর আহত আটজন হলেন, রুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি রুপম ও বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদি মোহাম্মদ তানজীম, দপ্তর সম্পাদক সাব্বির, তথ্য প্রযুক্তি সম্পাদক রাহাত, সহ-সম্পাদক যাওয়াদ, সদস্য পিয়াল ও কর্মী জোহান। তাদের সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই হামিদ হলের আবাসিক শিক্ষার্থী।

মারধরকারী রুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি আবিদ হাসান মিতুল ও অনিক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম মালিক, প্রচার সম্পাদক মাহাথির ও কর্মী স্বাক্ষরসহ ১০-১২ জন রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপুর অনুসারী।
রুয়েট ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুয়েটের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থীদের র‌্যাগ দিয়েছিলেন বিভাগের ১৪ সিরিজের শিক্ষার্থী ও রুয়েট ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাদি মোহাম্মদ তানজীম ও তার বন্ধুরা। নবীন শিক্ষার্থীদের মধ্যে একজন ছিলেন রুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি ও সিএসই বিভাগের ১৪ সিরিজের আরেক শিক্ষার্থী আবিদ হাসান মিতুলের ছোটভাই। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে সাদির সঙ্গে কথা বলতে যায় আবিদ হাসানসহ ছাত্রলীগ নেতারা। এ সময় হামিদ হলের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর শুরু হলে রুয়েট ছাত্রলীগের সভাপতি নিবিড় ও সাধারণ সম্পাদক তপু ঘটনাস্থলে উপস্থিত হন। তবে নেতাকর্মীরা তাদের সামনেই রড, চাপাতি, রামদা, বাঁশ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসময় নেতাকর্মীদের মধ্যে তারা প্রাথমিক মীমাংসা করে দিলেও তারা হল থেকে বের হবার পর পুনরায় দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এ সময় গুরুতর আহত হন সভাপতির অনুসারীরা। রাত ১টা পর্যন্ত এ উত্তেজনা চলার পরে রুয়েট ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনেই র‌্যাগ দেয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে- বিষয়টি অস্বীকার করেন।

রুয়েট ছাত্রলীগ সভাপতি নাঈম রহমান নিবিড় বলেন, ‘সাধারণ সম্পাদকের নেতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। সম্পাদকের উপস্থিতিতে ও তার মদতেই এ ঘটনা ঘটেছে। আমরা ঠিক জানি না কি কারণে তারা হামলা করেছে। আহতরা সবাই চিকিৎসাধীন। তারা একটু সুস্থ হলে তাদের সঙ্গে কথা বলবো। মারধরের সময় তারা আমাদের নেতাকর্মীদের মোবাইল ফোন, মানিব্যাগ ইত্যাদি নিয়ে গেছে। বিষয়টি আমরা প্রশাসন, কেন্দ্রীয় ছাত্রলীগ ও মহানগর আওয়ামী লীগকে জানিয়েছি।’
তবে সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু বলেন, ‘আসলে মারধর করা ও আহতদের অধিকাংশই ১৪ সিরিজের শিক্ষার্থী। তাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে মারামারি করেছে। আমি ও সভাপতি ঘটনা শুনেই হলে গিয়েছিলাম। প্রাথমিক মীমাংসা করার পরও তারা আবার মারামারি করেছে। ছোট ঘটনাটি সম্পূর্ণভাবেই ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়ে বড় হয়ে গেছে। কিন্তু র‌্যাগ দেয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেনি।’

সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে এবং নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন থেকে চলে আসা গ্রুপিংয়ের বিষয়টি অস্বীকার করেন তপু। তিনি বলেন, ‘নিবিড় ভাই আমার কাছের বড় ভাই। আমাদের মধ্যে কোন গ্রুপিং নেই।’ তবে তাদের বর্তমান কমিটি নির্ধারিত মেয়াদ শেষ করে এখন মেয়াদোত্তীর্ণ।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুব আলম জানান, রাতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছে। যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে পুলিশ সক্রিয় রয়েছে।

চবিতে প্রগতিশীল ছাত্র জোটেরমিছ িলে ছাত্রলীগের হামলা, আহত ৮
চবি প্রতিনিধি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের মিছিলে হামলা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। এতে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীসহ আটজন আহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে।

প্রগতিশীল ছাত্র জোটের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোট মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আসলে ছাত্রলীগের একাংশ তাদের ওপর হামলা করে। এতে ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফজলে রাব্বী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সৈয়দ আইরিন সুলতানা, ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি সায়মা আক্তার মিশু, ছাত্রফন্টের কর্মী রিজোসহ আট নেতাকর্মী আহত হন। হামলাকারীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্তি কমিটির সাংগঠনিক সম্পাদক এমডি ফারুকের অনুসারী।

ছাত্র ফেডারেশনের সভাপতি হাসান কামরুল অভিযোগ করেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে চাকসুর সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম। সেই সময় ছাত্রলীগের ৪০-৫০ জন কর্মী আমাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, প্রগতিশীল ছাত্রজোটের ওপর হামলার প্রতিবাদে একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। হামলাকারীরা যদি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নষ্ট করে তাহলে তাদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়া হবে।