রোহিঙ্গাদের ফেরাতে ইউএনএইচসিআর’র সাথে চুক্তি করবে বাংলাদেশ

614

ঢাকা সংবাদদাতা: রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য জাতিসংঘ শরণার্থী সংস্থার সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী।

রবিবার সন্ধ্যায়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের রোহিঙ্গা বিষয়ে ব্রিফ করার পর সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপত্তার বিষয়টি নজর দেয়ার আহ্বান জানিয়েছেন কূটনীতিকরা।

গত বছরের ২৫শে আগস্ট থেকে এ পর্যন্ত ছয় লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচারে বাংলাদেশে পালিয়ে এসেছে। আগে থেকেই প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।

২৩শে নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের দুই পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য একটি অ্যারেঞ্জমেন্ট চুক্তিতে সই করেন। এরপর ১৯শে ডিসেম্বর যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয় এবং ১৬ই জানুয়ারি ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চুক্তি সই হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া তুলে ধরে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে এখন আন্তর্জাতিক রেডক্রস কাজ করছে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘ শরণার্থী সংস্থাকে যুক্ত করতে মিয়ানমার সরকারও নীতিগতভাবে সম্মত হয়েছে। তবে, ১০ লাখ রোহিঙ্গার তথ্যের সাথে তাদের পারিবারিক তথ্যও যুক্ত করার শর্তের কারণে পূর্ব নির্ধারিত তারিখ থেকে প্রত্যাবাসন শুরু নাও হতে পারে।

বিদেশি মিশন প্রধানরা জানান, প্রত্যাবাসন প্রক্রিয়ায় সঠিক পথেই আছে বাংলাদেশ। তবে, ফেরত যাওয়া রোহিঙ্গাদের নিরাপত্তাও জরুরি।

এদিকে, ইউরোপিয়ান ইউনিয়নকে এ প্রক্রিয়ায় যুক্ত করার প্রস্তাব করেছে বাংলাদেশ।