বার্সেলোনা-অ্যাথলেটিকোর হার, পিএসজির বড় জয়

662

খেলাধুলা ডেস্ক: উড়তে থাকা বার্সাকে মাটিতে নামিয়েছে তুলনামুলক দুর্বল এস্পানিওল। পরাজয়ের স্বাদ ভুলতে বসা আর্নেস্তো ভালভার্দের শিষ্যদের হারিয়েছে নগর প্রতিদ্বন্দ্বীরা। কোপা দেল রে’র কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলের হার বার্সার।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত মেসি-সুয়ারেজরা। গেলো বছর আগস্টে, স্প্যানিশ সুপার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে সবশেষ হেরেছিল কাতালান ক্লাবটি। ছন্দে থাকা মেসিকে স্বরূপে দেখা যায়নি এস্পানিওলের সাথে খেলায়। আক্রমণের ধার বাড়াতে লুইস সুয়ারেসকে নামিয়েও কাজের কাজ হয়নি কিছুই

পেনাল্টি থেকেও গোল পাননি আর্জেন্টাইন অধিনায়ক। শেষ দিকে মেসিদের স্তব্ধ করে দিয়ে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার অস্কার মেলেন্দো। জয়রথে ছেদ পড়লেও কোপা দেল রে’র সেমি-ফাইনালে ওঠার সুযোগ থাকছে বার্সেলোনার। ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে গতবারের চ্যাম্পিয়নরা।

ফরাসি লিগ ওয়ান দেখলো অসাধারণ ও একচেটিয়া শৈল্পিক এক ম্যাচ। চোট কাটিয়ে ফেরা নেইমারই গড়ে দিলেন ব্যবধান। জ্বলে উঠলেন, করলেন নান্দনিক এক হ্যাটট্রিক। সেখানেই থামেননি, গোল উদযাপন করেছেন আরও একবার।

ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের এমন দাপুটে পারফরম্যান্সের রাতে পিএসজিও পেয়েছে বিশাল এক জয়। নতের বিপক্ষে মান রক্ষার ম্যাচে কোনমতে পার পেয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই ম্যাচে গোল পেয়েছেন ডি মারিয়া, এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপ্পে। পিএসজি জালে বল পাঠিয়েছে মোট আটবার।

বল নেয়া-দেয়া কিংবা ফ্রি-কিক, মাঠের সর্বত্র আলো ছড়িয়েছেন ব্রাজিলিয়ান প্লে-মেকার। এই ম্যাচে একটি রেকর্ড ভাঙেন এডিনসন কাভানি। ইব্রাহিমোভিচের পিএসজির হয়ে গড়া সর্বোচ্চ ১৫৬ গোলের রেকর্ডে ভাগ বসান উরুগুইয়ান ফরোয়ার্ড। এই জয়ে, ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজি।